লটারিতে ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক

সাব-রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে নির্বাচিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি স্টেশনের জন্য এ লটারি অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী বলেন, যেসব এলাকাকে জনমনে দুর্নীতির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, সেসব জায়গার অনিয়মের সিন্ডিকেট ভাঙতেই লটারি পদ্ধতিতে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎকারের মাধ্যমে তাদের দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে উপযুক্ত স্টেশনে দায়িত্ব দেওয়া হবে।
তিনি জানান, পর্যায়ক্রমে ঢাকার বাইরেও যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব পদায়নে স্বচ্ছতা আনা হবে। লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়টি মন্ত্রণালয় থেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করতে ঢাকার পোস্টিং থেকেই পরিবর্তন শুরু করা হয়েছে। কারণ ঢাকার পদায়নকে অনেক সময় কর্মকর্তাদের কাছে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়।
তিনি জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। আরও প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জনের মধ্য থেকে ঢাকার জন্য ১৮ জনকে লটারিতে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















