চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের দাবিতে বাংলামোটরে জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক বন্ধ করে নিরাপদ ঢাকা-১২ আসন গড়ার দাবিতে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। সোমবার বিকেলে বাংলামোটর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চেয়েছেন।
মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। চাঁদাবাজমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। ঢাকা-১২ আসনে যেখানেই চাঁদাবাজি হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
রাড্ডার স্বাস্থ্য ক্লিনিক ভাঙচুরের প্রসঙ্গ তুলে রেজাউল করিম অভিযোগ করেন, ঘটনাটির সঙ্গে ক্ষমতাসীন দলের এমপিরা জড়িত। একই সঙ্গে মেজর আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সমাবেশ শেষে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আ.দৈ/আরএস




















