ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড দ্রুত নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সভায় প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে বিদ্যমান প্রকল্প পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের পাশাপাশি প্রকল্পে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
আ.দৈ/এসআর




















