সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
গণতন্ত্র কার্যকর করতে অবাধ নির্বাচন ও বিরোধীদের রাজনৈতিক পরিসর জরুরি: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৫)
X

নিয়মিত চর্চা ও ধারাবাহিকতার মধ্য দিয়েই গণতন্ত্রের সংস্কৃতি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি বিরোধী দল ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পর্যাপ্ত রাজনৈতিক পরিসর নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের রাষ্ট্রপতির বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র কোনো একদিনে প্রতিষ্ঠিত হওয়ার বিষয় নয়। নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে। আর এ প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাদের জন্য পর্যাপ্ত রাজনৈতিক পরিসর থাকা প্রয়োজন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ নয়; বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝