বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন, অংশ নিতে পারবে না জামায়াত জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিট : ১০)
X

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই নির্বাচনে জামায়াতে ইসলামীসহ অন্য কোনো জোট ভোট দিতে পারবে না। আইন অনুযায়ী, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ ছিল, কেবল সেই জোটের মনোনীত প্রার্থী ও ভোটাররাই উপনির্বাচনে অংশ নিতে পারবেন।

ফলে মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনটি বিএনপি জোটেরই থাকবে এবং উপনির্বাচনের মাধ্যমে বিএনপি জোটের প্রার্থীর মাধ্যমে আসনটি পূরণ করা হবে। সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেটের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবের কাছেও পাঠানো হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সংবিধান ও সংরক্ষিত নারী আসনে নির্বাচনসংক্রান্ত আইন অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংরক্ষিত নারী আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করতে হয়।

আইনের বিধান অনুযায়ী, যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে আসনটি বরাদ্দ ছিল, সেই দল বা জোটের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই শূন্য আসন পূরণ করতে হবে। ভোটও দেবেন সংশ্লিষ্ট দল বা জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। এ কারণে মিষ্টির আসন শূন্য হলেও সেটির বরাদ্দে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। অর্থাৎ উপনির্বাচনে বিএনপি জোটই প্রার্থী দিতে পারবে এবং তাদের সংসদ সদস্যরাই ভোট দেবেন।

একাধিক প্রার্থী হলে ভোট অনুষ্ঠিত হবে। আর বিএনপি জোট একজন প্রার্থী মনোনয়ন দিলে ভোট ছাড়াই তিনি নির্বাচিত হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। একটি আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে এবং দুটি আসন আইনি জটিলতায় শূন্য ছিল।

নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপি ২০৮টি সাধারণ আসন, জামায়াতে ইসলামী ৬৮টি এবং এনসিপি ছয়টি আসন পায়। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, গণঅধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি, গণসংহতি আন্দোলন একটি এবং খেলাফত মজলিস একটি আসন পায়। স্বতন্ত্র প্রার্থীরা পান সাতটি আসন।

আইন অনুযায়ী সাধারণ আসনে কোনো দল বা জোট যতটি আসন পায়, তার ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে তাদের প্রাপ্য আসন নির্ধারণ করা হয়। ইসির আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্রদের মোর্চা একটি সংরক্ষিত নারী আসন পায়।

সংশ্লিষ্ট দল বা জোট একক প্রার্থী দেওয়ায় আগেরবার সংরক্ষিত নারী আসনে ভোটের প্রয়োজন হয়নি। ৫০ জন নারী সংসদ সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইসি কর্মকর্তারা বলছেন, মিষ্টির পদত্যাগের কারণে বিএনপি জোটের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনের সংখ্যা কমবে না। তাই শূন্য হওয়া আসনে বিএনপি জোটই নতুন প্রার্থী দেবে।

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। কমিশন সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝