বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো বিশ্লেষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ০)
X

সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনের জনবল নিয়ে বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রযুক্তিনির্ভর এ ইউনিটে প্রচলিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাইবার নিরাপত্তা, আর্থিক তথ্য বিশ্লেষণ, ক্রিপ্টোকারেন্সি, ম্যালওয়্যার ও ডার্ক ওয়েবসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাইবার পুলিশ ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন ইউনিটের প্রধান হিসেবে একজন অতিরিক্ত আইজিপি দায়িত্ব পালন করবেন। বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্বে থাকবেন। থানাগুলোতেও ইউনিটের জন্য পৃথক সাব-ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল নিয়োগের ব্যবস্থা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার পুলিশ ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ৪ হাজার ৫৯২ জনের পদ নির্ধারণ করা হয়েছে। শুরুতে পুলিশের বিদ্যমান জনবল থেকে প্রয়োজনীয় সদস্য দিয়ে ঘাটতি পূরণ করা হবে। পরে নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ জনবল কাঠামো গড়ে তোলা হবে।

ইউনিটে সিস্টেম অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন বিশেষায়িত পদ রাখা হয়েছে।

এসব বিশেষজ্ঞকে প্রয়োজন অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তাদের বেতন-ভাতার কাঠামোও নিয়মিত পুলিশ সদস্যদের তুলনায় পৃথক হবে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। ফলে প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি ফরেনসিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

মাদক, জুয়া, সন্ত্রাস, মানি লন্ডারিং, আর্থিক অপরাধ এবং সাইবার অপরাধের মতো কর্মকাণ্ড মোকাবিলায় আধুনিক ফরেনসিক ও ডিজিটাল ল্যাবের প্রয়োজনীয়তাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এতদিন সাইবার অপরাধ মোকাবিলায় বিভিন্ন ইউনিট বিচ্ছিন্নভাবে কাজ করায় সমন্বয়ের ঘাটতি ছিল। নতুন ইউনিটের মাধ্যমে এসব কার্যক্রমকে একটি সমন্বিত ও সংগঠিত কাঠামোর আওতায় আনা হবে।

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের যেসব সদস্যের দক্ষতা রয়েছে বা এ বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী, তাদেরও নতুন ইউনিটে যুক্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উপযুক্ত পুলিশ কর্মকর্তাদের দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকে একটি দলকে বিদেশে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। পাশাপাশি ইউনিটে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশেষজ্ঞদের জন্য প্রণোদনার ব্যবস্থাও থাকবে।


সাইবার নিরাপত্তা আইন আরও আধুনিক করার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন সংশোধনের বিষয়ে সাংবাদিক, সম্পাদক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার মতবিনিময় হয়েছে এবং ভবিষ্যতেও তাদের মতামত নেওয়া হবে বলে জানান তিনি। নতুন আইনে সাইবার অপরাধের সংজ্ঞাগুলো আরও সুনির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা এবং আইনের অপব্যবহারে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ঠেকানোর বিষয়গুলোও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সংশোধনের ক্ষেত্রে সময় নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নতুন বিল আনা হবে। পুলিশের বিদ্যমান সাইবার ক্রাইম ইউনিট ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সংশ্লিষ্ট কার্যক্রম নতুন কাঠামোর অধীনে আসবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত করা হচ্ছে।

তিনি জানান, এতদিন বিভিন্ন পর্যায়ে পরিচালিত কার্যক্রমকে এখন একটি কেন্দ্রীয় সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। আর সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাতের বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।


আ.দৈ/এসআর





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝