জামায়াত নেতার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, পেশাদারির পরিচয় দিয়ে প্রশংসিত বিমানবন্দরের নির্বাহী পরিচালক
নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। তবে জামায়াত নেতার উচ্চবাচ্যের মধ্যেও শান্ত থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এ ঘটনায় ধৈর্য ও পেশাদারির পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। যাতে দেখা গেছে, বিমানবন্দর নির্বাহী পরিচালককে জামায়াত নেতা আক্তারুজ্জামান বলেন, কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব। এ সময় তিনি পরিচালককে হুমকি দিয়ে বলেন, মার খেতে চান। আখতারুজ্জামান বলেন, আমরা প্রতিদিন সাফার করছি। চাকরি ছেড়ে এখান থেকে চলে যান।
তবে ভিডিওতে শান্ত থাকতে দেখা যায় নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদকে। পরিচালক অসাধারণ ধৈর্য ও পেশাদারির পরিচয় দিয়ে ঔদ্ধত্যপূর্ণ নেতাকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ। সাকিব নামের একজন লিখেছেন, ভদ্রতারও লিমিট থাকে, পরিচালক তার উদাহরণ। নির্বাহী পরিচালকের উদ্দেশে একজন লিখেছেন, লোকটা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজি৩৮৮ ফ্লাইটে আসার পর জমজমের পানিসহ আক্তারুজ্জামানের একটি লাগেজ নিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে নির্বাহী পরিচালকের ওপর ঔদ্ধত্য দেখান ওই জামায়াত নেতা। এ সময় তার সঙ্গে উপস্থিত অন্য জামায়াত নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
আ দৈ/ এস এন




















