বাস্তবতা বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা, নির্বাচনী উপকরণ ও ভোটকেন্দ্র প্রস্তুত থাকলেও ভোটের সময়সূচি নির্ধারণে দেশের সামগ্রিক স্থানীয় বাস্তবতা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচন আয়োজনের আগে বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষা, রমজান, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে নির্বাচনের বিষয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে আসা হবে।
স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যে হতে পারে—স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এটি একটি সম্ভাব্য সময়সীমার ভালো রেফারেন্স। সেই অনুযায়ী কমিশনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হতে পারে। তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করা হবে।
ইউনেস্কোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে ইউএনডিপির একটি প্রকল্প রয়েছে। ব্যালটসংক্রান্ত ওই প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং এর কর্মপরিকল্পনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিদের আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমকর্মী এবং পুলিশ সদস্যদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ইসি সচিব জানান, গত ১৭ সেপ্টেম্বর একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়। সম্ভাব্য সময়সূচি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সময় নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।
আ.দৈ/এসআর




















