নিউ গিনি প্রপার্টিজ মামলায় মিজানুরসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ ও শাহ আলম। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তিনজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের সম্পত্তি-সংক্রান্ত বিরোধ রয়েছে। হামলার সময় ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর করা হয়। তাঁর দাবি, আসামিরা সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন।
অন্যদিকে মিজানুর রহমানের আইনজীবী শওকত হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় মিজানুর ঘটনাস্থলে ছিলেন না এবং সিসিটিভি ফুটেজে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে। তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার মিজানুর রহমানকে পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকেও ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছিল।
এ মামলায় এর আগে মামুন, মো. আসলাম ও মো. মুন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত শনিবার রাতে দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম রয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
আ.দৈ/আরএস




















