সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি: আখতার আহমেদ
নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা, রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ দেশের স্থানীয় সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে।
তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘ব্যালট’ প্রকল্পের আওতায় ইসি সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
ইসি সচিব বলেন, প্রশিক্ষণ কর্মসূচিটি কোনো একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়। এটি ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ। প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তী আলোচনায় প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
ইসি সচিব আরও বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ও বাস্তবতা বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কমিশন।’
আ.দৈ/আরএস




















