মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে, ইসিকে অবহিত করা হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। তার পদত্যাগের ফলে জাতীয় সংসদের মহিলা আসন-২৩ শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদীয় আসনটি শূন্য হয়ে গেছে। তিনি জানান, পদত্যাগের বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
মিষ্টির পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্যদের পদত্যাগের ক্ষেত্রে সাধারণত পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করার বিধান নেই।
এর আগে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরদৌসী আহমেদের পদত্যাগের কারণে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ বৃহস্পতিবার থেকে শূন্য হয়েছে। শূন্য হওয়া আসনটি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আ.দৈ/এসআর




















