রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়গুলোও তুলে ধরেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক এবং সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের জন্য তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। ভাষণটিকে তিনি দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, ওই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং শক্তিশালী করার ক্ষেত্রেও সফরটি তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
প্রেসসচিবের বরাত দিয়ে জানা যায়, বৈঠকে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলোচনা করেন। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এর আগে বিকেল ৩টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেসসচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সাক্ষাৎ।
আ.দৈ/এসআর




















