রাড্ডা ক্লিনিকে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়। তাঁকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার সময় পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রথম দফায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার মধ্যরাতে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন বলে প্রতিষ্ঠানটির অভিযোগ। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী লুট করে স্থাপনা ভাঙচুর করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে।
ঘটনাটি জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত কি না, হামলার পেছনে কারা ছিল এবং পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
আ.দৈ/আরএস




















