প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন অপব্যবহার হবে না: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে কার্যকর আইনি ব্যবস্থা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো সরকারের জন্য কোনো সুফল বয়ে আনে না। বর্তমান সরকারের এমন কোনো উদ্দেশ্য নেই এবং প্রস্তাবিত আইন পাস হলেও তা আগের সরকারের মতো অপব্যবহার করা হবে না বলে জানান তিনি।
তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনী এখনো চূড়ান্ত হয়নি। তাই গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে।
উপদেষ্টা বলেন, এমন একটি আইন প্রয়োজন, যা নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে মানুষের গণমাধ্যম-সচেতনতা বা মিডিয়া লিটারেসি বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।
গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে সবার জন্য একই আইনি কাঠামো প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। আইনটি চূড়ান্ত হওয়ার পর প্রয়োগের ক্ষেত্রেও সরকার সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকবে বলে জানান জাহেদ উর রহমান।
আ.দৈ/আরএস




















