আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে দলটি জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে।
ককরোচ জনতা পার্টি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের পাশাপাশি জ্ঞানেশ কুমার ও তার বিরুদ্ধে অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আসন্ন নির্বাচন সাময়িক স্থগিত রাখা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ২০২৫ সালের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কমিটির হেফাজতে দেওয়ারও দাবি করেছে দলটি।
দলের প্রতিষ্ঠাতা ও জাতীয় আহ্বায়ক অভিজিৎ দীপকে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। দলটির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পর ককরোচ জনতা পার্টি এই কর্মসূচি ঘোষণা করে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার তালিকা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
তবে নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতপার্থক্যকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে। কমিশনের দাবি, লিখিত মতামত ও অভ্যন্তরীণ পর্যালোচনা বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং গত এক বছরের সব চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টি এর আগে শিক্ষা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন করেছিল। এবার নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল দলটি।
আ.দৈ/এসএন




















