বাসের পর বাড়ল লঞ্চের ভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা
নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের পর এবার লঞ্চের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, নৌযান মালিকরা পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে সর্বোচ্চ ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় তা কমিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারণের ফলে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খাতে ভাড়া পুনর্নির্ধারণ প্রয়োজন হয়েছে। তবে তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।
এদিকে রেলের ভাড়া আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে এখনই রেলের ভাড়া বাড়ানো হচ্ছে না বলে জানান মন্ত্রী।
সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোরও কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন তিনি। সিএনজির দাম না বাড়ায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেখ রবিউল আলম।
আ.দৈ/আরএস




















