গাজী নজরুলের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর তার এমপি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার নির্বাচন কমিশনও জানিয়েছে, সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত জুলাইয়ে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। তবে শুধু দল থেকে বহিষ্কার হওয়ার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে দল থেকে পদত্যাগ বা সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
এর মধ্যে রোববার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবার করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তারের পর গাজী নজরুলকে রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদ সচিবালয় থেকে চিঠি এলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে সংসদ সদস্য পদে অযোগ্যতার প্রশ্ন আসে। আর ৬৭ অনুচ্ছেদে নির্দিষ্ট পরিস্থিতিতে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
ফলে বর্তমানে মামলা ও পুলিশের পদক্ষেপের পাশাপাশি সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপরই গাজী নজরুলের সংসদ সদস্য পদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে।
আ.দৈ/আরএস




















