ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ চারজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার এবং বিস্ফোরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান উদ্দিন, রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহ। ডিবির দাবি, রায়হান উদ্দিন রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। পুলিশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি আরও দাবি করেছে, আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বর্তমানে ভারত থেকে হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি হুন্ডির মাধ্যমে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিবির কর্মকর্তারা জানান, এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং অর্থ ও নির্দেশনার উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
পুলিশের দাবি, সম্প্রতি বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিবি জানিয়েছে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি স্থানে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি খালি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
আ.দৈ/এসআর




















