৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যার বিচার ও রায় কার্যকরের দাবি কুবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ চার দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার শেষ করা এবং ফাঁসির রায় কার্যকর করা। একই সঙ্গে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায়িত্ব স্বীকার করে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি বিশেষ রেসপন্স ইউনিট গঠনের দাবিও রয়েছে তাদের।
শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের মতো ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়বে। তাই তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কুবি শিক্ষার্থীরা।
আ.দৈ/এসআর




















