সম্পর্ক ভালো করতে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান জানান, বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছে ঢাকা।
তথ্য উপদেষ্টা বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্য কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ বা বিরাগ নেই। মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং আইন অনুযায়ী নিজস্ব গতিতে চলবে।
ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে পরিচালিত অভিযানের তথ্যও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর আওতায় মোট ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।
আ.দৈ/আরএস




















