সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ০)
X

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতারা।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে অবস্থান নেন। পরে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, সংঘর্ষে তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

নুর উন নবী মানিক অভিযোগ করেন, অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। ব্যাংককে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁরা অবস্থান নিয়েছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ছত্রচ্ছায়ায় হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান গ্রাহক ফোরামের এই নেতা।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শহিদুল ইসলাম দাবি করেন, তাঁদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহিদুল ইসলাম বলেন, চাকরিতে পুনর্বহালের দাবিতে তাঁরা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে অবস্থান করছিলেন। কর্মসূচি শুরুর প্রায় ২০ মিনিটের মধ্যে গ্রাহক ফোরামের সদস্যরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

এদিকে ঘটনার বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ বলেন, সকালের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন। বর্তমানে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন। বাংলাদেশ ব্যাংক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝