হাম: এক দিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,০৯৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং চারজন সিলেট বিভাগের বাসিন্দা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামের পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ওই সময় থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০ জন।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৪১৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট বিভাগে মারা গেছেন ১৬১ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এক দিনে হাসপাতালে নতুন রোগী ১,১৭৭
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৭৭ জন রোগী এসেছে। তাদের মধ্যে ১ হাজার ৯৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এ পর্যন্ত ২০ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তাদের মধ্যে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। একইভাবে হাসপাতালে না আসা রোগীদেরও নমুনা পরীক্ষার আওতায় আনা সম্ভব হয় না। ফলে শুধু পরীক্ষাগারে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তারের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না।
আ.দৈ/এসআর




















