সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচনের কার্যক্রম। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
সোমবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে সাত ধাপে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে।
পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের এই পর্ব শুরু করার পরিকল্পনা রয়েছে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। ভোটের সম্ভাব্য সময়সূচি জানানো হলেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার সময় কমিশন ভোটের চূড়ান্ত তারিখ ও অন্যান্য নির্বাচনী কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবে। সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হলে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির ভোটগ্রহণের প্রক্রিয়া শেষ হবে।
আ.দৈ/এসআর




















