রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনেও বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি। সংকট সমাধানে জাপানের বিশেষ দূতকে নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে প্রত্যাবাসনে অগ্রগতি পেতে সময় লাগছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি বহুপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ সময় জাপানের সহযোগিতায় বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের আগ্রহের কথাও জানান তিনি।
আ.দৈ/আরএস




















