সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চান মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশে সমঝোতা, গণতন্ত্র ও সংসদকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক হয়েছে, এখন দেশের মানুষ শান্তিপূর্ণ ও সম্প্রীতির রাজনীতি দেখতে চায়।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান ও দেশের উন্নয়নে অবদান রাখার পথ তৈরি হবে। এর শিক্ষার মান উন্নত করতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দেওয়ায় শিল্প মন্ত্রণালয় ও ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ এবং দ্রুত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















