নতুন প্রকল্পে হানজালার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নুর
নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর ও শরীয়তপুরের তরুণদের অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতা ঠেকাতে নিজ এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার বক্তব্যের জবাবে তিনি এ আহ্বান জানান। এমপি হানজালা নিজ এলাকায় বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান।
সংসদ সদস্য বলেন, এলাকার অনেক তরুণ বিদেশে যেতে আগ্রহী হলেও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় বিদেশে গিয়ে নানা সমস্যায় পড়েন এবং কম মজুরিতে কাজ করতে বাধ্য হন।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, মাদারীপুর ও শরীয়তপুরের অনেক মানুষ অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। তাই অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে প্রচার চালাতে এমপি হানজালাকে নিজ এলাকায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবির বিষয়ে নুরুল হক নুর বলেন, বর্তমানে সরকার ৫০টি প্রকল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্বাচন করেছে। ভবিষ্যতে নতুন প্রকল্প নেওয়া হলে মাদারীপুর-১ আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
আ.দৈ/আরএস




















