তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অত্যন্ত আশাবাদী’ ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর আশা, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব এবং সম্পর্ক এগিয়ে নিতে সংলাপের পথ সবসময় খোলা রাখা প্রয়োজন।
বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের মধ্য দিয়েই সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রজ্ঞাবান ও জনমুখী নেতা হিসেবে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের কল্যাণে তাঁর সফর ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদী।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের নিয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাবও দেন দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, দল-মত নির্বিশেষে দুই দেশের আইনপ্রণেতাদের নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় পারস্পরিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
এ সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি ভারতীয় সংসদ ভবন পরিদর্শনের আমন্ত্রণও পৌঁছে দেন।
সাক্ষাতে দুই দেশের সংসদে প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার জানান, দেশটির সংসদের কার্যক্রম ধীরে ধীরে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং পুরোনো সংসদীয় বক্তব্য ও নথিও ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের স্থাপত্য, জলাধার ও প্রাকৃতিক পরিবেশের প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। তিনি সংসদ ভবনের পরিবেশকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।
আ.দৈ/আরএস




















