রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ২৯৬ কোটি ডলার রেমিট্যান্স, এক বছরে বেড়েছে ২২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৩)
X

প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও আগস্টে তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারেনি রেমিট্যান্স। সদ্য শেষ হওয়া মাসটিতে বৈধ পথে দেশে এসেছে ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলার বা প্রায় ২৯৬ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ২২ দশমিক ৪৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে প্রবাসীরা দেশে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। 

সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৪ কোটি ডলার। তবে তিন বিলিয়ন ডলারের নিচে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা আগস্টেও অব্যাহত রয়েছে। এর আগে জুন ও জুলাই মাসেও এই সীমা অতিক্রম করতে পারেনি প্রবাসী আয়। জুনে দেশে এসেছিল ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার এবং জুলাইয়ে ২ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

ছয় মাস পর কমেছে তিন বিলিয়ন ডলারের নিচে

দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের গতি দেখা যায় ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর। এরপর ধারাবাহিকভাবে কয়েক মাস প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের ওপরে ছিল। ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসে। এর মধ্যে মার্চে প্রবাসী আয়ের পরিমাণ প্রায় চার বিলিয়ন ডলারে পৌঁছে যায়, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে পাওয়া সর্বোচ্চ রেমিট্যান্স।

এর পরের দুই মাসেও প্রবাহ ছিল তিন বিলিয়ন ডলারের ওপরে। এপ্রিলে দেশে আসে ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং মে মাসে আসে ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এরপর জুন থেকে আবারও রেমিট্যান্সের মাসিক প্রবাহ তিন বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫ বিলিয়ন ডলারের বেশি

মাসভিত্তিক প্রবাহ কিছুটা কমলেও সামগ্রিকভাবে প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ৩৭ হাজার কোটি টাকার বেশি। এর আগের অর্থবছর ২০২৪-২৫ সালে বৈধ পথে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য উল্লম্ফন হয়েছে।

আর ২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ফলে গত দুই অর্থবছরে বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিন বিলিয়ন ডলারের নিচে নেমে আসায় এই প্রবাহের গতি ধরে রাখা এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝