অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, কঠোর অভিযানের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুলিশের নতুন বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজারবাগে পুলিশ সদরদপ্তরে তিনি জানান, শিগগিরই দেশব্যাপী অভিযান শুরু করবে নবগঠিত ইউনিট। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল, রিভলভার ও শটগানের তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ারগ্যাস শেল ও অন্যান্য অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের ১০, ১৫ ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখারও আশ্বাস দেন মন্ত্রী।
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি না দেখানো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আ.দৈ/আরএস




















