শ্যামবাজারে অবৈধ পলিথিন গুদামজাত করণের বিরুদ্ধে ডিএসসিসি’র যৌথ অভিযান
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাত করণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (২৯ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানিয়েছেন, আজ শনিবার বেলা ৪টায় ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(১) উপধারার টেবিল ৪(খ) অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ব্যবসায় লিপ্ত হবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে দুটি গোডাউন থেকে মোট ১৪২ বস্তায় ৪,৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮,১৮,৪৫০ টাকা। জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
আ. দৈ./একে




















