আরটিভির প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্র মাংস বিক্রেতা সোসাইটি
নিজস্ব প্রতিবেদক

গত ২২ আগষ্ট আরটিভি চ্যানেলে রিপোর্টার বিপুল দে রায় এর তৈরী করা প্রতিবেদনে মাংস ব্যবসায়ীদেরকে হেয় প্রতিপন্ন করে যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন দৈনিক ক্ষুদ্র মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটি।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যুক্ত বিবৃতিতে দৈনিক ক্ষুদ্র মাংস প্রস্তুকরণ ও বিক্রেতা সোসাইটির সভাপতি মোঃ আব্দুল হালিম কোরাইশী (চাঁন) ও সাধারণ সম্পাতক মোঃ ভুট্টো এক যুক্ত বিবৃতিতে আরটিভি চ্যানেলের প্রকাশিত সচিত্র প্রতিবেদনকে একপেশে, মনগড়া, বিভ্রান্তিকর ও শাক দিয়ে মাছ ঢাকার অপকৌশল বলে দাবী করেছেন।
সংগঠনের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন যে, প্রতিবেদক বিপুল দেব রায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কাওরান বাজারের ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুস সালাম এর বক্তব্য প্রচার দ্বারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, “তিনি সত্য প্রকাশে অনাগ্রহী”।
রিপোর্টার বিপুল দেব প্রানী সম্পদ মন্ত্রণালয়ের বর্তমানে কর্মরত কর্মকর্তার বক্তব্য প্রচার না করে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য প্রচারের মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের সাথে জড়িত প্রানী সম্পদ মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের রক্ষায় হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়েছেন। রিপোর্টার বিপুল দেব চাইলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও প্রানী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য গ্রহণ করতে পারতেন।
নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেছেন যে, হাজার হাজার কোটি টাকার মালিক বিত্তশালী কর্পোরেট কোম্পানীগুলোর বহুমুখী ষড়যন্ত্রের শিকার ক্ষুদ্র মাংস বিক্রেতারা। অসাধু কর্পোরেট ব্যবসায়ী ও কর্পোরেট খামারীগণ ক্ষুদ্র মাংস বিক্রয় বন্ধ করে মাংস ব্যবসাকে পুরোপুরি প্যাকেটজাত করে ডিপার্টমেন্টাল স্টোরের নিয়ন্ত্রনে নিতে চায়।
বিগত সরকারের অদূরদর্শিতা ও দূর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কারণেই ৪০০ টাকা কেজির মাংস ৮০০/৯০০ টাকায় বিক্রয় করতে বাধ্য হয়েছেন ক্ষুদ্র মাংস বিক্রেতাগণ। দেশে পর্যাপ্ত গরু-মহিষের ঘাটতির কারনেই মানুষ বাধ্য হয়েই সহজলভ্য ঘোড়ার মাংস গিলছে! ফ্যাসিস্ট সরকারের সময় পরিসংখ্যান ব্যুরো ও প্রানী সম্পদ মন্ত্রণালয় ষড়যন্ত্র করে কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থে দেশের পর্যাপ্ত গরু-মহিষ থাকার কথা বললেও বাস্তবে চিত্রটি ঠিক উল্টো। পর্যাপ্ত গরু-মহিষ না থাকায় মানুষ আজ ঘোড়া-সিয়াল-কুকুর-বিড়াল প্রভৃতির মাংস ভক্ষণ করছে।
লোভী ও অসৎ কর্পোরেট ব্যবসায়ীদের ছকে বন্দি অসাধু ব্যবসায়ী, দূর্নীতিবাজ প্রানী সম্পদ কর্মকর্তা ও সিটি কর্পোরেশন এর ডাক্তারদের গ্রেফতার করে বিচারের জন্য আদালতে সোপর্দের দাবী জানিয়েছেন মাংস বিক্রেতার সোসাইটির নেতৃবৃন্দ।
আ. দৈ./একে




















