
বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০টির বেশি কলকারখানা বন্ধ হয়েছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একদিকে জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে এর বাস্তব চিত্র ভিন্ন। একই সঙ্গে বাজারে সবজি, ডিম ও চালের দাম বৃদ্ধির কথাও তুলে ধরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।




















