ডিএসসিসিতে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। র্দীঘদিন যাবৎ অনেক কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ডিএসসিসির সব কর্মকর্তা-কর্মচারীকে সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে এই আদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট ) সকালে ডিএসসিসির প্রশাসক মো.আবদুস সালাম প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে দায়িত্ব প্রাপ্ত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে নগর ভবন আকস্মিক পরিদর্শন করেন।
জনসংযোগ কর্মকর্তা মোঃ রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আজ ডিএসসিসির প্রশাসক সকালে নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরজমিনে ঘুরে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি নির্ধারিত কর্মঘণ্টা মেনে যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপর কড়া তাগিদ দেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, " এ সংস্থা একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।"
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন,"কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।"
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।
আ. দৈ./একে




















