সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাজার দর
রাজধানীর বাজারে ডিমের দাম কমেছে, স্থির মাছ-মাংস
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৭৮)
X

রাজধানীর খুচরা বাজারে চলতি সপ্তাহে ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। তবে মাছ ও মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

মাছের ক্ষেত্রে প্রজাতিভেদে দাম কিছুটা ওঠানামা করলেও গরুর মাংস ও অধিকাংশ মুরগির দাম রয়েছে প্রায় আগের মতোই।শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

ডিমে স্বস্তি
বাজারে বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় ১৪০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ ডিমের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম কমেছে প্রায় ১০ থেকে ১৫ টাকা।
ক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহ ধরে ডিমের দাম তুলনামূলক বেশি থাকলেও এবার কিছুটা কমায় স্বস্তি ফিরেছে।

মাছের দামে ওঠানামা
মাছের বাজারে সামগ্রিকভাবে বড় পরিবর্তন না থাকলেও বিভিন্ন প্রজাতির দামে প্রতিদিনই কিছুটা ওঠানামা হচ্ছে। কোনো কোনো মাছের দাম একদিনে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমছে, আবার পরদিনই তা বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
শুক্রবার বাজারে পাঙাশ বিক্রি হয়েছে প্রতি কেজি প্রায় ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায়। চাষের কই ৩০০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং পোয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, রুই ৩০০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা প্রায় ৭০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মান ও আকারভেদে চিংড়ির দাম ৮০০ থেকে ৯০০ টাকা এবং চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি।

অন্যদিকে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

মাংসের বাজারে বড় পরিবর্তন নেই
গরুর মাংসের দাম আগের অবস্থাতেই রয়েছে। রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় ৮০০ টাকায়।

তবে ব্রয়লার মুরগির দামে সামান্য কমতি দেখা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি ২০০ টাকা থাকলেও শুক্রবার তা ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে মুরগির দাম প্রতিদিনই কিছুটা পরিবর্তিত হচ্ছে।

অন্যদিকে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি প্রায় ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব মুরগির দামে সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

বাড়ছে মাছের দাম, ক্ষোভ ক্রেতাদের
বাজারে মাছের দামের সাম্প্রতিক ওঠানামায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ, কয়েক মাস আগেও যে পাঙাশ ১৮০ টাকার আশপাশে পাওয়া যেত, এখন সেটি ২০০ টাকার নিচে মিলছে না। একইভাবে তেলাপিয়ার দামও কয়েক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে।

এক ক্রেতা বলেন, ‘এক দিন যে মাছ ২০ টাকা কমে কিনছি, পরদিনই আবার সেই মাছের দাম বেড়ে যাচ্ছে। বাজারে স্থির কোনো দাম নেই।’

সব মিলিয়ে রাজধানীর বাজারে এ সপ্তাহে ডিমের দামে কিছুটা স্বস্তি এলেও মাছের বাজারে অস্থিরতা এবং মাংসের তুলনামূলক চড়া দাম অব্যাহত রয়েছে। ক্রেতাদের প্রত্যাশা, বাজার তদারকি বাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝