খাগড়াছড়ির মানিকছড়িতে ৬০ শতকের কাঁকরোল গাছ র্ধ্বস করে দুর্বৃত্তরা
ডেস্ক রিপোর্ট:

কয়েক মাসের পরিশ্রমে ৬০ শতক জমিতে গড়ে তোলা কাঁকরোলের ক্ষেত এক রাতেই নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ফলন্ত অবস্থায় থাকা গাছগুলো গোড়া থেকে কেটে ফেলায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃষক আবুল হাসেম।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) উপজেলার বাটনাতলী ইউনিয়নের সেম্প্রুপাড়া এলাকার আমতলী পাড়ায় এ ঘটনা ঘটে।
কৃষক আবুল হাসেম জানান, তিনি প্রান্তিক কৃষক ও বর্গাচাষি। চলতি মৌসুমে প্রায় ৬০ শতক জমিতে কাঁকরোল চাষ করতে তার খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। এরই মধ্যে ক্ষেত থেকে প্রায় ১ লাখ টাকার কাঁকরোল বিক্রি করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ক্ষেত থেকে প্রায় ৩০০ কেজি কাঁকরোল সংগ্রহ করেন তিনি। পরদিন সকালে সেগুলো বাজারে বিক্রি করে পান ১৮ হাজার ৫০০ টাকা। এরপর জমিতে ফুলের পরাগায়নের কাজ করতে গিয়ে তিনি দেখতে পান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ক্ষেতের অধিকাংশ কাঁকরোলগাছ গোড়া থেকে কেটে দিয়েছে।
আবুল হাসেমের প্রত্যাশা ছিল, বাজারে সবজির চাহিদা বাড়ায় এ মৌসুমে কাঁকরোল বিক্রি করে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করবেন। কিন্তু গাছগুলো কেটে দেওয়ায় সেই সম্ভাবনা ভেস্তে গেছে।
আবুল হাসেম বলেন, “আমি একজন প্রান্তিক কৃষক ও বর্গাচাষি। অনেক কষ্ট করে ক্ষেতটি তৈরি করেছিলাম। আশা ছিল, এবার ভালো আয় করে সংসারে কিছুটা স্বস্তি আনব। কিন্তু কে বা কারা আমার এত দিনের পরিশ্রম নষ্ট করেছে, তা জানি না।”
স্থানীয় বাসিন্দা আদম আলী বলেন, মানিকছড়ির অধিকাংশ মানুষের জীবিকা কৃষিনির্ভর। একজন কৃষকের ফলন্ত ফসল এভাবে কেটে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ./কাশেম




















