৫ আগষ্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটি কেন্দ্রীয়ভাবে গুরুত্বের সঙ্গে পালনের নির্দেশনা রয়েছে। এখনো অনেক আহত ব্যক্তি রয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন; অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা তাদের পরিবারের পাশে আছি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা সরকার পরিচালনার দায়িত্বে থাকলে দায়িত্বশীলতার সঙ্গে কথা বলতে হয় এবং দায়িত্ব নিয়েই কাজ করতে হয়।
এটি এখন থেকে নয়, ১৯৯১ সাল থেকে ক্ষমতায় থাকার সময় থেকেই আমরা সেই দায়িত্ব পালন করে আসছি। আমরা খুব কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি বারবার লক্ষ্মীপুরে এসেছেন এবং এখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মীপুরের উন্নয়নের বড় একটি অংশ তাঁর হাত ধরেই হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেন তিনি।
এ সময় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাহ্ উল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি, পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে।
এর আগে সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
আ.দৈ/আরএস




















