রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্তমান আর্থিক সংস্কার নিয়ে আইএমএফের সন্তুষ্টির কথা জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩১)
X

দেশের বর্তমান আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও ট্যাক্স-জিডিপি অনুপাতের অগ্রগতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে। অক্টোবরে থাইল্যান্ডের কনফারেন্স শেষে আইএমএফের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার পর তারিখ নির্ধারণ হবে, কবে অর্থছাড় হবে।

এছাড়া বাংলাদেশের আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়েও এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৩ জুলাই) আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাত, শেয়ারবাজার সংস্কার এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ। তিনি জানান, নতুন রাজনৈতিক সরকারের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমেরও ইতিবাচক মূল্যায়ন করেছে সংস্থাটি। অর্থমন্ত্রী বলেন, সব সংস্কার একসঙ্গে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে আইএমএফ একমত হয়েছে।

তবে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। ২০২৩ সালে বাংলাদেশ ও আইএমএফের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদিত হয়। অন্তর্বর্তী সরকার তা বাড়িয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার করে। সেই কর্মসূচির আওতায় কয়েক দফায় ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার ছাড়ও পায় বাংলাদেশ। তবে বর্তমান সরকার বলছে, আগের কর্মসূচির বেশ কিছু শর্ত জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই সেই কর্মসূচি থেকে সরে এসে এখন নতুন কাঠামোয় আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে চায় সরকার।

সম্প্রতি আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল ১৬ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করছে। এই সময়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠকে সামষ্টিক অর্থনীতির অবস্থা, চলমান সংস্কার কর্মসূচি এবং নতুন ঋণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা। তারই অংশ হিসেবে সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।

দীর্ঘ এক ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। বৈঠকে সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি, দ্বিতীয় রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি বা আরএসএফ, বাজেট, রাজস্ব আহরণ, ব্যাংকিং সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ এবং আর্থিক খাতের সুশাসন নিয়ে আলোচনা হয়। এছাড়া আর্থিক খাত, শেয়ারবাজার সংস্কার এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ। তবে কবে নাগাদ নতুন ঋণ পাচ্ছে বাংলাদেশ, তা স্পষ্ট করেননি অর্থমন্ত্রী।

বর্তমান মূল্যায়নে সন্তুষ্ট হলে আইএমএফ প্রতিনিধি দল তাদের সুপারিশ ওয়াশিংটনে সদর দপ্তরে জমা দেবে। এরপর আগামী ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি দল পুনরায় ঢাকা সফর করতে পারে। এরপরই সম্ভাব্য নতুন ঋণ হিসেবে ৪ থেকে সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থছাড় হতে পারে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝