গুলশান বনানী বারিধারা ও নিকেতনে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়ন হবে: প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে এক সমন্বয় সভায় প্রশাসক এই আশ্বাস দেন।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এই সমন্বয় সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির সভাপতি/ সাধারন সম্পাদকসহ ডিএনসিসি ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, প্রশাসক নগর ভবনে সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রশাসক নগরের সেফটি ট্যাংক পরিষ্কার করার ক্ষেত্রে যথাযথ নিয়ম কানুন মেনে পরিবেশ দূষণ রোধ করে এবং জনগণের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
সভায় প্রশাসক জানান, ঢাকার সবকিছুই সিটি কর্পোরেশন পরিচালনা করে না। এখানে রাজউক ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই তিন বিভাগের সাথে সমন্বয় করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের স্বার্থে সকল সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং অব্যাহত রাখবে।
সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির প্রতিনিধিরা প্রশাসকের সাথে একমত পোষণ করেন এবং সিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সভায় সোসাইটির প্রতিনিধিরা জানান, ঢাকা শহরের কিছু এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন আছে এবং কিছু অংশে সেপটিক ট্যাংকের ব্যবস্থা আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সভায় প্রশাসক, গুলশান, বনানী, বারিধারা লেকসহ সকল জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় সাধন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম জোরদারের ব্যাপারে নির্দেশনা দেন।
সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর জানান,ঢাকা উত্তর সিটি ও ঢাকা ওয়াসার মধ্যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি মেমরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং গত ১০ অক্টোবর, ২০২৩ তারিখে স্বাক্ষরিত হয়েছে।
মেমরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর আলোকে ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় নিরাপদ ও টেকসই পয়ঃনিষ্কাশন পরিসেবা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে সিডিউল ডিস্লাজিং (Schedule Desludging) পরিচালনার জন্য প্রাথমিকভাবে যোগ্য ০৫ টি বেসরকারি প্রতিষ্ঠানের সিডিউল ডিস্লাজিং (Schedule Desludging) পরিচালনার সক্ষমতা যাচাইকরনের নিমিত্তে পরীক্ষামুলকভাবে আগামী ২ মাসের মধ্যে Dry-Run কার্যক্রম সম্পাদনের অনুমতি প্রদান করা হয়।
আ. দৈ./কাশেম




















