চট্টগ্রামে অবৈধ মজুতকরা ৬ লাখ কেজি সরকারি চাল জব্ধ , আটক ১
নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ৬ লাখ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ছয় লাখ কেজি সরকারি চাল জব্দ করা হয়। একই সাথে অভিযানকালে জড়িত আব্দুল আজিজ (২৮) একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকার একটি প্রতিষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান চালিয়ে সরকারি চাল জব্ধ করার পাশাপাশি একজনকে আটক করে নিয়ে আসা হয়।
র্যাব কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কদমরসুলপুরের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করা হয়। একই সঙ্গে আব্দুল আজিজ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জোরারগঞ্জ থানার বামুনসুন্দর দারোগাহাট এলাকার বাসিন্দা।
জব্দ করা চাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অবৈধ খাদ্য মজুত ও বাজারজাত করণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম




















