রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের আর্থিক খাত এখন পেইনফুল অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৪৭)
X

দেশের আর্থিক খাত এখন পেইনফুল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে দেশের ৩৯ বাণিজ্যিক ব্যাংকের মালিকানায় প্রতিষ্ঠিা পাওয়া ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি(বিএসআইসি)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই অর্থনীতিতে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এরকম একটা কর্মযজ্ঞ বিশাল ব্যাপার। এই অনুষ্ঠানটির মেসেজ হলো, স্টার্টআপ বিনিয়োগকে এটি আত্মবিশ্বাসী করবে। আমাদের একটি প্রোগ্রাম আছে ক্রিয়েটিভ ইকোনমি। 

এই উদ্যোগের আওতায় ক্রিয়েটিভ ইকোনমির অনেক কাজ করা যাবে আশা করি। এই বিনিয়োগে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, আমি কথা দিচ্ছি। ফিন্যান্সিয়াল সেক্টরে যে স্বচ্ছতা আমরা আনতে চাচ্ছি, তা এর মাধ্যমে প্রকাশ পাবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ব্যাংক খাত এবং অর্থনীতিতে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধান করতে জেপি মরগ্যান, বিশ্বব্যাংক ও আইএফসির সঙ্গে মিলেমিশে সরকার কাজ করছে। দেশের ব্যাংক খাতে বড় ধরনের সমস্যা হয়েছে, যা আমি বলতে চাই না। এই উদ্যোগকে সরকার যতভাবে দরকার, সব দিক দিয়েই সহযোগিতা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান বলেন, বাংলাদেশের আর্থিক খাতের পরবর্তী ধাপের উন্নয়নে এমন প্রতিষ্ঠান প্রয়োজন, যা উদ্ভাবন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। বিএসআইসি দেশীয় মূলধনকে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, প্রথমে ৫’শ কোটি টাকার একটি তহবিল গঠন করা হলেও তা সফল হয়নি। পরে প্রতিটি তফসিলি ব্যাংককে তাদের নিট লাভের ১ শতাংশ দিয়ে তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়। এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠনে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এই প্রতিষ্ঠানটি যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, তা অবশ্যই সফল হবে।

গভর্নর বলেন, আমি অনুরোধ করতে চাই, এই বিনিয়োগের সুফল যেন প্রান্তিক পর্যায়ের জনগণও পায়। কারণ প্রান্তিক জনগোষ্ঠী এর বাইরে থাকলে একটি বড় অংশ বঞ্চিত থাকবে। সামনে আরও একটি উদ্যোগ বাস্তবায়ন হবে। ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবিবি সহযোগিতা করবে বলে আশা করছি।

‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’ নামে গঠিত এই প্ল্যাটফর্মের প্রাথমিক মূলধন ধরা হয়েছে ৪২৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্টার্টআপ খাতে দেশীয় মূলধন জোগানে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বিএসআইসির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে প্রায় ৪২৫ কোটি টাকার, অর্থাৎ প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করা হয়েছে। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক এই প্ল্যাটফর্মের শেয়ারহোল্ডার। ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার একটি অংশ এই তহবিলে দেবে। ফলে এটি এককালীন তহবিল নয়, বরং ধারাবাহিকভাবে মূলধন বাড়িয়ে পরিচালিত হবে।

বিএসআইসির আওতায় সিড, লেট-সিড ও সিরিজ-এ-এই তিন ক্যাটেগরির স্টার্টআপে বিনিয়োগ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তায় পরিচালিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলো উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর খাতে বিনিয়োগের সুযোগ পাবে। পুরো কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের প্রুডেনশিয়াল ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত দেশের স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি চুক্তির মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। তবে এর মধ্যে দেশীয় মূলধনের অংশ ৭ শতাংশেরও কম।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝