বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস এ রিট আবেদন করেন।
রিটে বলা হয়েছে, ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তিটি কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। এতে উল্লেখ করা হয়, চুক্তির বিভিন্ন ধারায় যুক্তরাষ্ট্রের স্বার্থ বেশি গুরুত্ব পেয়েছে, যা ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়।
আবেদনে আরও বলা হয়, চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনস্বার্থ যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থ হয়েছে।
রিটে পররাষ্ট্র, অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন
এছাড়া চুক্তির কিছু শর্ত দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নিয়ন্ত্রক স্বাধীনতা হ্রাস এবং শুল্ক ব্যবস্থার ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
রিটটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবীরা।
আ.দৈ./ এম.এস