
সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এবং সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে জ্বালানি সরবরাহ, চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সার্বিক চিত্র তুলে ধরা হয়।
কমিটি চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় আরও সুপারিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বৈঠকে সদস্যরা দেশের জ্বালানি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন। পরে সিদ্ধান্ত হয়, পরবর্তী বৈঠকে বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ./ এম.এস




















