
দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৫ লাখ টন ডিজেল এবং ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির হোসেন আমু। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভায় মোট তিনটি প্রস্তাবে ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল আমদানির প্রস্তাব অনুমোদন পায়।
এছাড়া সিঙ্গাপুরভিত্তিক Aramco Trading Singapore Pte Ltd-এর কাছ থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিওর কাছ থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল এবং ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির দুটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও, পরে জ্বালানি বিভাগ সেগুলো ক্রয় কমিটি থেকে প্রত্যাহার করে নেয়।
আ.দৈ/শাহরিয়ার




















