রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনবিআরের অতিরিক্ত কমিশনার তারেকের বিদেশ যেতে নিষেধ, সম্পদ অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৭১)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো. তারেক হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে রাজধানীতে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব, বিও হিসাব ও জীবন বিমাসহ সব অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, মো. তারেক হাসানের নামে থাকা দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব এবং চারটি জীবন বীমা পলিসি অবরুদ্ধ থাকবে। পাশাপাশি তার মালিকানাধীন ঢাকার একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তারেক হাসানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন। এমনটি হলে দুদকের অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা জরুরি বলে উল্লেখ করা হয়।

অন্য আবেদনে দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারেক হাসানের নামে দলিলমূলে অর্জিত দুটি স্থাবর সম্পদ, দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব এবং চারটি জীবন বিমা পলিসিসহ প্রায় ২ কোটি ৯৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। গোপন সূত্রে আরও জানা গেছে, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এখনই এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ না করা হলে তা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তার স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালত এই আদেশ দেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝