রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির মামলায় সাবেক এমপি রুবিনা ও স্বামীর আয়কর নথি জব্দ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিট : ৯৯)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের দায়ের হওয়া মামলায় তাদের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত।

আজ  রোববার (২৫ জানুয়ারি) দুদকের করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক রাসেদুল ইসলাম আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে রুবিনা আক্তার ‘নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে’ অর্জন করে দখলে রাখেন।

দুদক বলছে, রুবিনা আক্তারের নিজের নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ‘জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ’ ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ‘অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায়’ দুদক গত বছরের ১৪ মে একটি মামলা দায়ের করেছে।

আবেদনে বলা হয়, ‘রুবিনা আক্তার একজন আয়কর দাতা। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূলকপি ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।’ মোশাররফ হোসেনের বিষয়ে আবেদনে বলা হয়, ‘তারা একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন করে দখলে রাখেন।’ তার ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের’ তথ্য পাওয়ার কথা জানিয়ে মামলা করার কথাও বলা হয় আবেদনে।

সেখানে বলা হয়, ‘মোশাররফ হোসেনও একজন আয়কর দাতা। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথির শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূলকপি ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।’

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝