জোট করলেও দলীয় প্রতীকে ভোটের বিধান, আরপিও সংশোধন অধ্যাদেশ জারি
নিজেস্ব প্রতিবেদক

জোট গঠন করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ নিজ দলের প্রতীকে- এমন বিধান সংযোজন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন এই বিধান অনুযায়ী, কোনো রাজনৈতিক দল অন্য দলের সঙ্গে জোট বা সমঝোতা করলেও তারা নিজেদের নিবন্ধিত প্রতীকেই নির্বাচন করবে। অর্থাৎ জোটের পক্ষ থেকে একক প্রতীক ব্যবহার করা যাবে না।
এ বিধান নিয়ে শুরু থেকেই বিএনপি আপত্তি জানায়। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে তাদের মতামত পাঠায়, যাতে এই বিধানটি সংশোধন থেকে বাদ দেওয়া হয়।
তবে সরকার শেষ পর্যন্ত বিএনপির আপত্তি প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমর্থনে আগের প্রস্তাবই বহাল রাখে।
ফলে নতুন অধ্যাদেশ অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনে কোনো জোট থাকলেও, প্রতিটি দলকেই নিজেদের প্রতীকে ভোটে অংশ নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংশোধন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে জোটভিত্তিক নির্বাচনের কৌশল ও সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।
আ.দৈ/আরএস




















