রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন
বিএনপি সেই দল, উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১১ পিএম  আপডেট: ২০.০৯.২০২৫ ৮:১৪ পিএম  (ভিজিট : ৯৬)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,'আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি।' তিনি বলেন,  “বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অপপ্রচার করা হচ্ছে। অথচ, বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে।  আমরা লড়াই করে, সংগ্রাম করে বাংলাদেশে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন।”

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ৯ বছর পর আজ শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। এর আগে ২০১৬ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল।

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে মির্জা ফখরুল বলেন, “আজকে একটি সুযোগ এসেছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার, আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার।” 

তিনি বলেন, “বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু, কেউ তা পারেনি।” 
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “যারা খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে; তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ, সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল প্রমুখ। প্রথম অধিবেশন সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

বেলা সাড়ে ১২টায় জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এ সময় জাতীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম। একইসঙ্গে ১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা ওঠানো হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। শহরের উল্ল্যেখযোগ্য সড়কগুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। দলীয় নেতা-কর্মীদের ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে অনুষ্ঠানস্থলসহ জেলা শহরের অলিগলি। এ সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজকেরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন। এটি চলবে রাত ৮টা পর্যন্ত। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝