ডাকসু নির্বাচন: শুধু নির্বাচনের দিন ঢাবিতে বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে শুধুমাত্র ভোটগ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ এক বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে।
পরে ১ সেপ্টেম্বর নতুন বিজ্ঞপ্তিতে ৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়। আজ আবার ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটিও বাতিল করে শুধুমাত্র নির্বাচনের দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশে শুধুমাত্র বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই অনুমতি থাকবে।
৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী।
আ.দৈ/আরএস




















