রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ পিএম   (ভিজিট : ১২৯)
X

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে নামেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি।

বিমানবন্দর থেকে সরাসরি তারা নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে মহেশখালীতে পৌঁছে যান তিনজনের এই দল।
মহেশখালীতে পিটার হাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’। বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক।

হাসপাতালে প্রবেশের পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর। হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবার নানা দিক ঘুরে দেখেন সাবেক রাষ্ট্রদূত। পরে হাসপাতাল চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেয়। তবে সেগুলো কী ধরনের কর্মসূচি ছিল, তা জানা যায়নি।
বর্তমানে পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। মহেশখালীর এলএনজি টার্মিনাল ও সংশ্লিষ্ট প্রকল্প ঘিরেই তার এ সফর বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে তার একটি গোপন বৈঠক হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও বৈঠকের সত্যতা মেলেনি, তবে সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সাবেক রাষ্ট্রদূতের আবারও কক্সবাজার সফর নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝