এস আলম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ!
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের ১২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়।
দুদকের পক্ষে এই আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. আবু সাইদ। দুদকের প্রসিকিউশন বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন দুদকের প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত চলছে। এই তদন্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় তাদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া যায়, যা সন্দেহজনক হিসেবে বিবেচিত হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবার অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করতে এই ব্যাংক হিসাবগুলো ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে। যেকোনো সময় এসব অর্থ বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ১২৫টি ব্যাংক হিসাবে থাকা মোট ২২ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ১৯১ টাকা ফ্রিজ করা জরুরি বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
আ. দৈ./ সাধ




















